জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে চাঁদপুর বাসস্ট্যান্ড মসজিদে বাদ জুমা অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ দোয়া ও আলোচনা মাহফিল। শুক্রবার আয়োজিত এই মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীর শহীদদের স্মরণ করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারি এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। তিনি বলেন, যে বীর ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে জুলুমমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, জাতি আজীবন তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বক্তব্যে তিনি জুলাই বিপ্লবের সকল শহীদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য ধৈর্য ধারণের তৌফিক প্রার্থনা করেন। পাশাপাশি আন্দোলনে আহত হয়ে এখনো চিকিৎসাধীন থাকা ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং এই আত্মত্যাগের ভিত্তিতেই গড়ে উঠবে ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ।

মাহফিল শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।