আদর্শ সমাজ গঠনে আদর্শবান কর্মী তৈরির বিকল্প নেই— অধ্যাপক আবু তালেব মন্ডল
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর মুলাডুলি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষা শিবির। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমীর ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, একটি আদর্শ সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আদর্শবান, সৎ ও দক্ষ কর্মী গড়ে তোলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, কর্মীদের কোরআন-সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তুলে জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি কর্মীকে নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সমাজের মানুষের পাশে থেকে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
মুলাডুলি ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা তালিমুল কুরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ এবং উপজেলা আইন সেক্রেটারি হাফিজুর রহমান খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুলাডুলি ইউনিয়ন সেক্রেটারি মো. ফোরকান আলী।


