ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের নবগঠিত কমিটির অভিষেক, ‘আল-হিজামা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
রাজধানীর হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও “জ্ঞানচর্চা, প্রকাশনা ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে ইউনানী চিকিৎসার টেকসই উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা। শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশে ইউনানী চিকিৎসা বিজ্ঞানের গবেষণা, প্রকাশনা, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে তিলাওয়াত করেন হাকীম হাফেজ জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মো. ইসরাফিল এবং বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মন্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আ. খ. মাহবুবুর রহমান সাকী। স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল হাকীম ডা. মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে ২০২৬-২০২৯ মেয়াদের ২৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দায়িত্বভার গ্রহণের ঘোষণা দেওয়া হয়। নতুন কমিটিতে অধ্যাপক আ. খ. মাহবুবুর রহমান সাকী সভাপতি এবং হাকীম ডা. মো. রুহুল আমিন সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নেন।
আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি হাকীম নৃপেন্দ্রনাথ বৈরাগী, হাকীম মো. কামরুল ইসলাম নাবাবতী, হাকীম ডা. আব্দুল গনি ও হাকীম মুস্তাফিজুর রহমান সবুজ। এছাড়া বক্তব্য রাখেন হাকীম সাইয়েদ মাহমুদুল হাসান মাসউদ, হাকীম শাহ আলম ভূঁইয়া, ডা. জাহিদুর রহমান, ডা. গোলাম আযম খান, ডা. আশিকুর রহমান, হাকীম নুরজামান, হাকীম নাসির উদ্দিন কবির, হাকীম ইলিয়াস ও ডা. জহিরুল ইসলামসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা গবেষণা, মানসম্মত প্রকাশনা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি ও বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে ইউনানী চিকিৎসার টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নবনির্বাচিত কমিটির প্রতি সংগঠনকে আরও গতিশীল, গবেষণামুখী ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত ‘আল-হিজামা’ ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন। বক্তারা আশা প্রকাশ করেন, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা, বাংলা ভাষায় মানসম্মত ইউনানী প্রকাশনা এবং আন্তর্জাতিক অঙ্গনে ইউনানী চিকিৎসার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ম্যাগাজিন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইউনানী চিকিৎসক, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


