চীনা পিএলএ’র ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল
চায়নিজ পিপলস লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ঢাকাস্থ চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
ঢাকাস্থ চীনা দূতাবাসের প্রতিরক্ষা সিনিয়র অ্যাটাচে কর্নেল দু সিনশেংয়ের আমন্ত্রণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশ নেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, কর্নেল (অব.) আব্দুল বাতেন এমপি, ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় চীন সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনার পাশাপাশি বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


