পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহতের নাম গীতা রানী (৪৫)। তিনি একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী এবং চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, স্বামী ঢাকায় কর্মরত থাকায় বাড়িতে একাই থাকতেন গীতা রানী। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, গত রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় টের পেয়ে যাওয়ায় দুর্বৃত্তদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়, একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, কী কারণে ও কীভাবে এটি ঘটেছে— তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।