কর্মস্থলে যাওয়ার পথে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ
নওগাঁ সদর শহরে সড়ক দুর্ঘটনায় আ ত ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আ ত ম ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি জয়পুরহাট টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল জয়পুরহাট টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে রওনা হন ইউসুফ। পথে নওগাঁ শহরের দয়ালের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সেখানে ছুটে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষক ইউসুফ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একজন শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


