বিএনপির অপরিপক্ব ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার সংকটে: গোলাম পরওয়ার
গণভোটের রায় বাস্তবায়ন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত ও সংবিধান সংস্কারে সংলাপের আহ্বান
গণ দিগন্ত প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপির রাজনৈতিক অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বের কারণে সাত মাসের মধ্যেই সরকার নানা সংকটে জড়িয়ে পড়েছে। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমিক অসন্তোষ ও দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, বিরোধী দলের ওপর দায় চাপিয়ে সরকারের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।
বুধবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরান। এতে ১১-দলীয় জোটের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।
দ্রব্যমূল্য ও শ্রমিক অসন্তোষ নিয়ে উদ্বেগ
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। তাঁর দাবি, মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে শ্রমজীবী পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে রয়েছে।
তিনি বলেন, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প খাতে শ্রমিক অসন্তোষ দেখা দিলে বিরোধী দলের ওপর দায় চাপানোর পরিবর্তে সরকারকে সমস্যার মূল কারণ অনুসন্ধান করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি বিবেচনায় নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যূনতম মজুরি নির্ধারণ করা সরকারের দায়িত্ব।
বিরোধী দলের ওপর দায় চাপানোর অভিযোগ
সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, বিরোধী দল সরকারের অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের বিরুদ্ধে কথা বললেই তাকে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দায়ী করা হচ্ছে। অথচ সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা বিরোধী দলের সাংবিধানিক ও রাজনৈতিক দায়িত্ব।
তিনি অভিযোগ করেন, প্রশাসন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। সিটি করপোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোকদের বসানোর মাধ্যমে প্রশাসনিক নিরপেক্ষতা ক্ষুণ্ন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। তাঁর দাবি, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে ঐকমত্যের বিষয়গুলোতে সমর্থন জানিয়েছেন। তাই গণভোটের রায়কে উপেক্ষা না করে সংসদের বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সরকারকে উদ্যোগী হতে হবে।
তিনি আরও বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা কমানো সম্ভব। এ ক্ষেত্রে সরকারের উচিত বিরোধী দলের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।
আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের আশঙ্কা
বক্তব্যে গোলাম পরওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, ভুল রাজনৈতিক কৌশল, বিরোধী দলের সঙ্গে সংঘাত এবং গণভোটের রায় বাস্তবায়নে অনীহা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এর ফলে আওয়ামী লীগের আবার রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে না দিয়ে সরকারকে রাজনৈতিক সংলাপের পথ বেছে নিতে হবে। সংবিধান সংস্কারসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা গেলে রাজনৈতিক সংকট মোকাবিলা সহজ হবে।
৩১ অক্টোবর লংমার্চে অংশগ্রহণের আহ্বান
অনুষ্ঠান থেকে আগামী ৩১ অক্টোবর ঢাকা–খুলনা–যশোর–ঝিনাইদহ–কুষ্টিয়া পথে তৃতীয় দফার লংমার্চে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে দলটির নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি।

