ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ১৬
গণ দিগন্ত ডেস্ক | ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে খাদে পড়ে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গায়। অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আহত ১১ জনকে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকি পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উদ্ধার করা তিনজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

