চাঁপাইনবাবগঞ্জে সাত ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব এমপি নূরুল ইসলাম বুলবুলের
গণ দিগন্ত | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ওই অঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা প্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
সাক্ষাৎকালে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়নের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগব্যবস্থা এবং প্রশাসনিক সেবা গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগণের বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন। তিনি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে পৃথক উপজেলা গঠনের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা ব্যাখ্যা করেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, পৃথক উপজেলা গঠিত হলে স্থানীয় জনগণের কাছে প্রশাসনিক সেবা আরও সহজে পৌঁছাবে। পাশাপাশি আধুনিক চিকিৎসা, শিক্ষার সুযোগ, উন্নত যোগাযোগব্যবস্থা এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তি সহজ হবে। এর ফলে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক নির্বাচনী সমাবেশে চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সংসদ সদস্য। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবটি উপস্থাপন করেন।
এ সময় তিনি প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান। জবাবে প্রতিমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সচিবকে নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাবটি এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া ও চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের বিষয়টি।
গণ দিগন্ত | সংবাদ বিভাগ

