৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে ঢাকা ও মুন্সীগঞ্জ জামায়াতের দায়িত্বশীলদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক | গণদিগন্ত
৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৩১ অক্টোবরের লংমার্চ ঘিরে ঢাকা-মুন্সীগঞ্জের মাওয়া মহাসড়কে অভ্যর্থনা কার্যক্রম, প্রচার-প্রচারণা, সাংগঠনিক প্রস্তুতি এবং ১১ দলের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব বণ্টন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় করা হয়।
লংমার্চের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ধরনের প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মো. দেলোয়ার হোসাইন, মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আ.জ.ম. রুহুল কুদ্দুস, ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন এবং মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি এ.কে.এম. ফখরুদ্দীন রাজী।
সভায় আরও অংশ নেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি মো. হারুন অর রশীদ, মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. খিদির আ. সালাম, ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. রিফাত হোসাইন, বাইতুলমাল ও প্রচার সেক্রেটারি আসজাদ আব্দুল্লাহ এবং ছাত্রশিবিরের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু ফাত্তাহ মো. তুর্জ ও ঢাকা জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসাইন রাকিব।

