স্বৈরাচারী আচরণকারীদের বিরুদ্ধে লড়াই করবে জামায়াত: এটিএম মা’ছুম
গণদিগন্ত প্রতিবেদক
দেশে যে পক্ষই স্বৈরাচারী আচরণ করবে, তাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী আন্দোলন গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। তিনি বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সর্বাত্মক ভূমিকা পালন করবে।
শনিবার (১০ অক্টোবর) দিনাজপুর শহরের গ্রীন ভিউ কমিউনিটি সেন্টার এবং বীরগঞ্জ উপজেলার শালবন কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা জামায়াতের পৃথক ষান্মাসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা এটিএম মা’ছুম বলেন, অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা মৃত্যুদণ্ডের শিকার হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। এ ছাড়া বহু নেতা-কর্মী গুম, নিহত, আহত ও কারাবরণ করেছেন। অনেকে পঙ্গুত্বও বরণ করেছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও বর্তমান সরকার পূর্ববর্তী সরকারের মতো আচরণ করছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মাওলানা মা’ছুম বলেন, ১১ দলীয় ঐক্যের ঘোষিত গণমানুষের দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে জামায়াতে ইসলামী।
রুকনদের উদ্দেশে তিনি বলেন, সংগঠনের দায়িত্বশীল জনশক্তিকে কোরআন ও হাদিস অধ্যয়নের মাধ্যমে নিজেদের জ্ঞান, যোগ্যতা ও নেতৃত্বের সক্ষমতা বাড়াতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়ে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
এ ছাড়া বক্তব্য দেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফকিহ মাওলানা আব্দুল হাকিম ও মো. আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা আমির আফতাব উদ্দিন মোল্লা, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ ও সাইদুল ইসলাম সৈকতসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতা।
সম্মেলন ও শিক্ষাশিবিরে দিনাজপুর শহর, সদর উপজেলা, বিরল, চিরিরবন্দর, বীরগঞ্জ, কাহারোল ও খানসামা উপজেলার পুরুষ ও নারী রুকনরা অংশ নেন।

