ঠাকুরগাঁও প্রতিনিধি | গণদিগন্ত

যুবসমাজকে জাতির মেরুদণ্ড হিসেবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, যুবকরা সঠিক পথে পরিচালিত হলে জাতির অগ্রগতির পথ সুগম হবে। তাই তরুণদের সন্ত্রাস ও মাদক থেকে দূরে রেখে নৈতিকতা, যোগ্যতা ও দায়িত্ববোধসম্পন্ন নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঠাকুরগাঁও শহরের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সদর-১ আসনের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইউনিয়ন যুব বিভাগীয় সভাপতি ও সেক্রেটারি সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, আগামী দিনের বাংলাদেশে নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ভয়ভীতি উপেক্ষা করে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। এ সময় তিনি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে যুব সংগঠকদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ও শান্তিপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

যুবসমাজকে নৈতিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবসমাজের অবদান গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাসেও বিভিন্ন আন্দোলন ও বিজয়ে তরুণদের ভূমিকা উল্লেখযোগ্য। তিনি যুবকদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে জীবন গঠনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনে যুবসমাজ ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করলে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে।

বেকারত্ব দূরীকরণে ইপিজেড প্রতিষ্ঠার দাবি

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁওয়ের বেকারত্ব নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে তাদের জনসম্পদে পরিণত করা সম্ভব হবে।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠা করা গেলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি স্থানীয় কাঁচামাল ব্যবহার করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া প্রয়োজন।

দেলাওয়ার হোসেন আরও বলেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতির মতো অনিয়ম দূর করে উন্নত ঠাকুরগাঁও গড়তে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তার মতে, যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

নেতাকর্মীদের উপস্থিতি

সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যক্ষ শাহাজালাল জুয়েল। এ সময় জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তরুণ নেতৃত্ব বিকাশ, মাদকমুক্ত সমাজ গঠন এবং বেকারত্ব নিরসনের বিষয়গুলো সমাবেশে গুরুত্ব পায়।