গণদিগন্ত প্রতিবেদক

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছে দলটি।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের পক্ষে চিঠিটি হস্তান্তর করে।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. হেলাল উদ্দিন। তিনি জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন, দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব প্রতিরোধসহ মোট আট দফা দাবিতে লংমার্চটি আয়োজন করা হচ্ছে।

বায়তুল মোকাররম থেকে শুরু

জামায়াতের এই নেতা জানান, ৩১ অক্টোবর সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে যাত্রা করবেন।

কর্মসূচির পথে কয়েকটি স্থানে পথসভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে শরীয়তপুরের জাজিরার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাট কাটাখালী মোড়, খুলনার শিববাড়ী মোড় (বাবরি চত্বর), খুলনার ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, যশোরের মুজদী মোড় এবং চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড উল্লেখযোগ্য।

এসব পথসভায় জাতীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

কুষ্টিয়ায় সমাপনী সমাবেশ

লংমার্চের শেষ পর্যায়ে কুষ্টিয়া জেলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ করার কথা রয়েছে। পুরো কর্মসূচিতে অংশগ্রহণকারী মানুষের নিরাপত্তা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

ড. হেলাল উদ্দিন বলেন, লংমার্চের গাড়িবহর, সমাবেশ ও পথসভাগুলো যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

এ ছাড়া কর্মসূচি বাস্তবায়নে সড়ক ও জনপথ বিভাগের প্রয়োজনীয় সহযোগিতাও চাওয়া হয়েছে বলে জানান তিনি।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া চিঠিটি গ্রহণ করেছে বলে জানিয়েছেন দলটির নেতারা।