ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের সম্মেলনে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান
গণদিগন্ত প্রতিবেদক
তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ শীর্ষক এ সম্মেলন বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের প্রতিপাদ্য— ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত।’
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে সম্মেলনটির আয়োজন করছে। এতে বাংলাদেশ ও তুরস্কের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
সম্মেলনে অংশ নিতে বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সম্মেলনে অংশ নেওয়ার পর ডা. শফিকুর রহমান ৯ অক্টোবর সৌদি আরবে যাবেন এবং সেখানে পবিত্র ওমরাহ পালন করবেন।
পরবর্তীতে ১০ অক্টোবর রাতে তিনি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।
বিমানবন্দরে বিদায় জানাতে নেতারা
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে জামায়াতে ইসলামীর আমিরকে বিদায় জানাতে দলের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ বিষয়ে আয়োজিত এ সম্মেলনে ডা. শফিকুর রহমানের অংশগ্রহণ বাংলাদেশ নিয়ে নীতি, সংস্কার ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

