ঢাকা প্রতিনিধি:
দেশের গুরুত্বপূর্ণ শিল্পখাত টেক্সটাইলের বিদ্যমান সমস্যা সমাধানে জাতীয় সংসদে বিষয়গুলো তুলে ধরার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে টেক্সটাইল খাতের প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ, কর ও শুল্ক, বন্ড সুবিধা এবং বিভিন্ন নীতিগত জটিলতাসহ খাতটির সামগ্রিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে সরকারের সব কাজের বিরোধিতা করা জামায়াতের রাজনৈতিক সংস্কৃতি নয়। জনস্বার্থ ও দেশের কল্যাণে সরকারের যেসব উদ্যোগ থাকবে, সেসব কাজে সহযোগিতা করা হবে। অন্যদিকে জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তার ভুল-ত্রুটি তুলে ধরে সমালোচনা করা হবে এবং প্রয়োজন হলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি জানান, বিটিএমএ নেতারা টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ বৈঠকে তুলে ধরেছেন। তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনা হয়েছে।

আলোচনায় রফতানিমুখী শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিত করা, দেশীয় প্রাইমারি টেক্সটাইল শিল্পের সক্ষমতা ধরে রাখা, স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি, কর্মসংস্থান সুরক্ষা, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সংরক্ষণ এবং সরকারি রাজস্ব সুরক্ষার বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধ আমদানি প্রতিরোধের বিষয়েও আলোচনা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, সমন্বিত ও ভারসাম্যপূর্ণ নীতির মাধ্যমে বাংলাদেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পকে টেকসইভাবে শক্তিশালী করা সম্ভব। এতে দেশের রফতানি সক্ষমতা ও শিল্পভিত্তি আরও সুদৃঢ় হবে।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

তিনি জানান, দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এ খাতের সমস্যাগুলো জাতীয় সংসদে তুলে ধরার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সরকারের সঙ্গেও আলোচনা করা হবে।

প্রেস ব্রিফিংয়ে বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার বলেন, বর্তমানে দেশের টেক্সটাইল খাতে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে। তৈরি পোশাকশিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে টেক্সটাইল খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কয়েকটি কারখানা এখনো সমস্যার মুখোমুখি হচ্ছে। এসব সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা বৈঠকে তুলে ধরা হয়েছে।

এ ছাড়া প্রণোদনা, এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী চ্যালেঞ্জ, কর বৃদ্ধি, বিভিন্ন নীতিগত জটিলতা এবং এনার্জি বন্ড ও সুতার অপব্যবহার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শিল্প ও উৎপাদন খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তৈরি পোশাকশিল্পের সঙ্গে টেক্সটাইল খাতের নিবিড় সম্পর্ক থাকায় এ খাতের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে সরকার, বিরোধী দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বৈঠক শেষে বিটিএমএ নেতারা টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ ও সমস্যাগুলো তুলে ধরার সুযোগ দেওয়ায় জামায়াতের নেতাদের ধন্যবাদ জানান। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান হবে এবং দেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্প আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।