রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিতদের দাপট, ৫ পদের ৪টিতে জয়
রাজশাহী প্রতিনিধি:
দীর্ঘদিন পর আনুষ্ঠানিক ভোটের মাধ্যমে অনুষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) ইন্টার্ন প্রতিনিধি পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীদের সাফল্য দেখা গেছে। পাঁচটি পদের মধ্যে সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন। নারী বিষয়ক সমন্বয়ক পদেও শিবির সমর্থিতদের সমর্থন পাওয়া স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে রামেক ইন্টার্ন প্রতিনিধি পরিষদের ভোটগ্রহণ শুরু হয়। মোট ২৫৩ জন ভোটারের মধ্যে ২২৫ জন ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে দুপুর ১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল প্রায় ৮৯ শতাংশ।
সভাপতি পদে তপু বিজয়ী
সভাপতি পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. শাহাদাত মাহমুদ তপু ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘আবরার-মুশফিক-ফিরোজ’ প্যানেলের ডা. আবরার গালিব পেয়েছেন ৮৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ছাত্রদলের মুশফিক
সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ডা. মুশফিক। তিনি ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. আতাউর রহমান পেয়েছেন ৮৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদেও জয়
সাংগঠনিক সম্পাদক পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. জামিল আক্তার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডা. ফিরোজ পেয়েছেন ১০৬ ভোট।
কোষাধ্যক্ষ পদে একই প্যানেলের ডা. রাকিবুল ইসলাম ১২২ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. আহনাফ পেয়েছেন ১০০ ভোট।
নারী বিষয়ক সমন্বয়ক পদে স্বতন্ত্র প্রার্থীর জয়
নারী বিষয়ক সমন্বয়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ডা. রিশা ১২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ পদে শিবির সমর্থন জানিয়ে কোনো প্রার্থী দেয়নি। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী ডা. বৃষ্টি এবং স্বতন্ত্র প্রার্থী ডা. ঐশি সমান ৪৯টি করে ভোট পেয়েছেন।
দীর্ঘ বিরতির পর নির্বাচন, ইন্টার্নদের মধ্যে উৎসাহ
রামেক ইন্টার্ন প্রতিনিধি পরিষদের আগের দুই সেশনে যথাক্রমে ৬০তম ব্যাচের ডা. আব্দুল্লাহ এবং ৬১তম ব্যাচের ডা. তানভীর আহমেদ তৌকির দায়িত্ব পালন করেন।
দীর্ঘ সময় পর আনুষ্ঠানিকভাবে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হওয়ায় এবারের নির্বাচনকে ঘিরে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।
নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের তিনজন এবং তাদের সমর্থন পাওয়া একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট চারটি পদে বিজয়ের বিষয়ে রামেক ছাত্রশিবির সভাপতি ডা. রমিজ মুত্তাকিন বলেন, দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। ইন্টার্ন চিকিৎসকরা তাদের প্যানেলের প্রতি সমর্থন জানিয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রতিনিধিরা ইন্টার্ন চিকিৎসকদের অধিকার, নিরাপত্তা, পেশাগত স্বার্থ এবং কর্মপরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

