জাতীয় কাউন্সিলে ২৫ সদস্যের কার্যকরী পরিষদ গঠন, সভাপতি নুরুল আমিন ও সেক্রেটারি নাসির উদ্দিন হেলালী

ঢাকা প্রতিনিধি | গণ দিগন্ত

আলেমদের শুধু মসজিদের মিম্বার কিংবা নামাজের ইমামতির দায়িত্বে সীমাবদ্ধ থাকলে চলবে না; সমাজের নেতৃত্ব ও দায়িত্বও গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

তিনি বলেছেন, যুগে যুগে জাতি যখন পথ হারিয়েছে, তখন উলামায়ে কেরাম জাতিকে সঠিক পথ দেখিয়েছেন। সেই দায়িত্ব পালনে আলেমদের এগিয়ে আসতে হবে। মানুষকে তিরস্কার করে নয়, ভালোবাসা ও দরদের মাধ্যমে ইসলামের পথে উদ্বুদ্ধ করতে হবে।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর ওহির ওপর হস্তক্ষেপ করার অধিকার কোনো সৃষ্টির নেই। জাতীয় সংসদের আইন প্রণয়ন, সংশোধন ও পরিবর্তনের ক্ষমতা রয়েছে। তবে আল্লাহর ওহির পরিবর্তন করার অধিকার কারও থাকতে পারে না। পবিত্র কুরআন এমন এক মহাগ্রন্থ, যার কোনো হরফ, হরকত কিংবা সামান্য পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ভালো নেই, দেশের মানুষও ভালো নেই। মানুষের জানমাল, সম্মান ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কে কখন কোথায় বিপদের মুখে পড়বে, তা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে।

আলেম সমাজের মর্যাদা রক্ষার বিষয়ে তিনি বলেন, দু-একজনের ভুলের কারণে যেন পুরো আলেম সমাজের ভাবমর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত চরিত্র ও আচরণের ক্ষেত্রে দায়িত্বশীলদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের প্রতি গভীর মমতা ও দায়িত্ববোধ নিয়ে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে আলেমদেরও মানুষের কল্যাণে কাজ করতে হবে। ইলমের চর্চা ও আমলের মাধ্যমে সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের নবনির্বাচিত সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমিন। পরিচালনা করেন সংগঠনের নবনিযুক্ত সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন হেলালী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উলামা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী, ড. মাওলানা ছামিউল হক ফারুকী, মুফতি ড. আবুল কালাম আজাদ বাশারসহ দেশের বিশিষ্ট আলেমরা।

তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন

সম্মেলনের আগে সকাল ৯টায় আইডিইবি ভবনে সংগঠনটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ২৫ সদস্যের কার্যকরী পরিষদ এবং ১০১ সদস্যের জাতীয় পরিষদ গঠন করা হয়।

এতে সংসদ সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমিনকে সভাপতি, সাবেক ছাত্রনেতা ও মুফাসসিরে কুরআন মাওলানা নাসির উদ্দিন হেলালীকে সেক্রেটারি এবং সাভারের মাওলানা আবুল কালাম আজাদ আযহারীকে সাংগঠনিক সেক্রেটারি নির্বাচিত করা হয়।

কাউন্সিল ও সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পাঁচ শতাধিক মুফাসসির, মাদরাসার মুহাদ্দিস, মুফতি, অধ্যক্ষ ও বিশিষ্ট আলেম অংশগ্রহণ করেন।