‘গুলি খাবো, তবুও হেলমেট পরবো না’—আদালতে নেওয়ার পথে মেজর আখতারুজ্জামান
ডেস্ক রিপোর্ট :
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, ‘আমি গুলি খাবো, তবুও হেলমেট পরবো না।’ শনিবার (৩ অক্টোবর) আদালতে নেওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে নামার মুহূর্তে তিনি এ কথা বলেন। এ সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেন তিনি।
আদালতে আনার পথে প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের উদ্দেশে মেজর আখতারুজ্জামান বলেন, ‘আমি হেলমেট পরবো না, আমাকে অবৈধভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরবো না। দরকার হলে আমার মৃত্যু হবে, আমি গুলি খাবো, তবুও হেলমেট পরবো না। হাতকড়া পরান।’
তিনি আরও বলেন, জেল-জুলুম ও নির্যাতন দিয়ে তাঁদের সংগ্রাম থামানো যাবে না। বাংলাদেশের জনগণ, বিশেষ করে প্রবাসীদের স্বার্থে তাঁরা আজীবন লড়াই চালিয়ে যাবেন এবং প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করবেন।
বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে।
রাষ্ট্রের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে মেজর আখতারুজ্জামান বলেন, এ ধরনের অব্যবস্থাপনা দিয়ে একটি রাষ্ট্র চলতে পারে না। মানুষের অধিকার বাস্তবায়ন এবং রাষ্ট্র পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য নতুন করে সংগ্রামে নামতে হবে।
তিনি বলেন, ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী এ সংগ্রাম অব্যাহত রাখবে।

