বিমানবন্দরে যাত্রী হয়রানির প্রতিবাদ করায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা: সাদিক কায়েম
ডেস্ক রিপোর্ট :
বিমানবন্দরে যাত্রী হয়রানির প্রতিবাদ করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, ‘এটাই কি বিএনপির গণতন্ত্র?’
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগ নতুন নয়। লাগেজ পেতে দীর্ঘ বিলম্ব, লাগেজ ভাঙা এবং চুরির মতো ঘটনা নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে। এশিয়ার অন্যান্য দেশের বিমানবন্দর ব্যবস্থাপনার উদাহরণ তুলে ধরে তিনি বাংলাদেশের বিমানবন্দরের সেবা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন।
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রসঙ্গে ডাকসু ভিপি বলেন, তিনি ব্যক্তিগত কোনো স্বার্থে প্রতিবাদ করেননি। বিমানবন্দরে ট্রলি ব্যবস্থাপনার দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সরকার কেন বোয়িং কেনার উদ্যোগ নিচ্ছে, সে বিষয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
সাদিক কায়েমের দাবি, বিমানবন্দরে ভোগান্তির শিকার যাত্রীদের পক্ষে কথা বলার কারণেই আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব। মামলার এজাহারে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে। দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করা হয়।

