মেজর (অব.) আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তি দাবি ডা. শফিকুর রহমানের
ডেস্ক রিপোর্ট :
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। একই সঙ্গে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে শারীরিকভাবে নাজেহাল করার অভিযোগকে মিথ্যা দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মেজর (অব.) আখতারুজ্জামান মূলত যাত্রী হয়রানি, প্রবাসফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা এবং তাঁদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদ করেছিলেন।
তিনি আরও বলেন, তাঁর ব্যবহৃত ভাষা কী ছিল, তা বিবেচনা করা যেতে পারে। তবে তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী ও প্রত্যক্ষ সাক্ষী বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা।
জামায়াত আমির বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসঙ্গতির বিষয়গুলো আড়াল করার উদ্দেশ্যে যদি তাঁকে হয়রানিমূলকভাবে গ্রেফতার করা হয়ে থাকে, তবে তা একটি অশনিসংকেত। ভুক্তভোগী জনগণ কোনো অবস্থাতেই এমন পরিস্থিতি মেনে নেবেন না।

