সকল শ্রেণি-পেশার মানুষের চেয়ারম্যান হতে চান মঈন খান
মালঞ্চী ইউনিয়নের হাড়িবাড়িয়ায় নির্বাচনী সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি :
পাবনার মালঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মঈন খান সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
শুক্রবার (২ অক্টোবর) বাদ মাগরিব মালঞ্চী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাড়িবাড়িয়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মঈনুদ্দীন খান, মালঞ্চী ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মনিরুজ্জামান মজনু, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ওমর আলী এবং তত্ত্বাবধায়ক মুছা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মালঞ্চী ইউনিয়ন শাখার সেক্রেটারি ডা. সিদ্দিকুর রহমান প্রামানিক, আব্দুল মালেক, শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জনসম্পৃক্ত নেতৃত্বের বিকল্প নেই। তাঁরা এলাকার মানুষের সঙ্গে সমন্বয় রেখে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
গণ দিগন্ত | পাবনা

