রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
গণ দিগন্ত ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৩৬ জন, ওয়ারীতে ৭৯ জন, মতিঝিলে ৮৩ জন, তেজগাঁওয়ে ১০১ জন, মিরপুরে ৯৬ জন, গুলশানে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩৭ জন, গোয়েন্দা বিভাগে তিনজন এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে পুলিশ ১২৫ পিস ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ ছাড়া একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়।
পাশাপাশি তিনটি ধারালো ছোরা, পরিত্যক্ত পাঁচ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লাখ টাকা মূল্যমানের বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

