ডেস্ক রিপোর্ট :
পরিবর্তিত বাস্তবতায় বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীলদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও সাংগঠনিক সক্ষমতা আরও বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি ঈমান, আমল, আত্মশুদ্ধি, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের জেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী দিনে ‘সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলার উপায়’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৪ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে আত্মগঠন, নৈতিক উন্নয়ন, দায়িত্বশীলতা, সাংগঠনিক দক্ষতা ও ইসলামী জীবনব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান পরিবর্তনশীল বাস্তবতায় দায়িত্বশীলদের নিজেদের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে হবে। কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার পাশাপাশি সময়ের বাস্তবতা, সমাজের পরিবর্তন ও মানুষের প্রয়োজন সম্পর্কে সচেতন থাকতে হবে।

সমকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও প্রজ্ঞার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে মতাদর্শিক, সামাজিক, নৈতিক ও সাংগঠনিক নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আবেগ নির্ভরতার পরিবর্তে দূরদর্শিতা, ধৈর্য, শৃঙ্খলা ও সঠিক জ্ঞানকে কাজে লাগাতে হবে। নিয়মিত অধ্যয়ন ও জ্ঞানচর্চার মাধ্যমে দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা বৃদ্ধি এবং পরিবর্তিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করতে হবে।

দায়িত্বশীলতাকে আমানত ও জবাবদিহিতার সঙ্গে সম্পৃক্ত করে সেক্রেটারি জেনারেল বলেন, সাংগঠনিক পদ কোনো ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়; এটি একটি দায়িত্ব। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রত্যেক দায়িত্বশীলকে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজের দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধনের চেষ্টা করতে হবে। একই সঙ্গে পারস্পরিক পরামর্শ, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিকতা বজায় রাখতে হবে।

তিনি বলেন, মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ও সংগঠনের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে দায়িত্বশীলদের ব্যক্তিগত চরিত্র ও আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে মানুষের সঙ্গে আস্থা ও সম্পর্ক গড়ে তুলতে হবে।

দায়িত্বশীলদের নিয়মিত কুরআন অধ্যয়ন, ইসলামী জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি, ইবাদত ও সাংগঠনিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমকালীন বাস্তবতা উপলব্ধির পাশাপাশি আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

এদিকে শিক্ষাশিবির শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

📰

আপনার এলাকার সংবাদ প্রকাশ করতে চান?

এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ, ঘটনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরুন সবার সামনে। ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আপনার সংবাদ পাঠান গণদিগন্তের কাছে।

✉ সংবাদ পাঠান
📢

আপনার ব্যবসার প্রচার হোক সবার কাছে!

আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবার প্রচারে বেছে নিন গণদিগন্ত। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান অসংখ্য পাঠকের কাছে।

📣 বিজ্ঞাপন দিন
🌐

প্রতিদিনের খবর জানতে সঙ্গে থাকুন গণদিগন্তের!

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা ও স্থানীয় খবর জানতে নিয়মিত পড়ুন গণদিগন্ত।

📰 গণদিগন্ত পড়ুন | গ্রাহক হোন

তিনি বলেন, দেশে দুর্নীতি সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। তাঁর দাবি, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণের ফলে প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা ও জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষায়, দেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের এক মহোৎসবে পরিণত করা হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়ন না করাকে সরকারের ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘটনায় সরকারের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ লাঘব এবং দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নে সরকারের প্রতি আহ্বান জানান সেক্রেটারি জেনারেল।

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক আবু সাদিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য আব্দুল মতিন, অঞ্চল টিম সদস্য ও কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, ঝিনাইদহ জেলা আমীর আলী আজম মোহাম্মদ আবু বকর এমপিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে আত্মগঠন ও আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন, সাংগঠনিক দায়িত্বশীলতা, ইসলামী জীবনব্যবস্থা, সমকালীন পরিস্থিতি ও দায়িত্বশীলদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শিক্ষাশিবিরের মাধ্যমে দায়িত্বশীলদের ব্যক্তিগত, নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নের পাশাপাশি পরিবর্তিত বাস্তবতায় দায়িত্ব পালনের প্রস্তুতি আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করা হয়।