গণদিগন্ত প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০) এবং সিএনজিচালক কবির মাল।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, একটি সিএনজি যাত্রী নিয়ে চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা সিএনজি সেটিকে ধাক্কা দেয়। পরে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপের সামনে গিয়ে পড়ে।
সংঘর্ষের সময় সিএনজির চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এতে চারজন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহর আলী ও সিএনজিচালক কবির মালকে মৃত ঘোষণা করেন।
আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ জানান, ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।