মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরা মরদেহ, পরিচয় মেলেনি
ডেস্ক রিপোর্ট :
ফরিদপুরের মধুখালী উপজেলায় ধানক্ষেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া স্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ দূরে ফরিদপুরগামী সড়কের পাশে একটি তালগাছের গোড়ায় মুখ বাঁধা তিনটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। বস্তাগুলো নিয়ে সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলোর মুখ খুললে ভেতরে মরদেহের খণ্ডাংশ দেখতে পায়। পরে উদ্ধার করা মরদেহের অংশগুলো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তি আনুমানিক ৪০ বছর বয়সী একজন পুরুষ। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে এবং কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।

