মানবিক বাংলাদেশে সাংবাদিকদের সত্যনির্ভর সাংবাদিকতার সুযোগ দিতে হবে: এডভোকেট জুবায়ের
ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশে এমন একটি মানবিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সাংবাদিকরা নির্ভয়ে সত্যনির্ভর সাংবাদিকতা করার সুযোগ পাবেন এবং অন্যায়ভাবে হয়রানি কিংবা ক্ষতির শিকার হওয়ার আশঙ্কা থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, দেশের সাংবাদিক অঙ্গনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। নির্ভীক সাংবাদিকরা অনেক ক্ষেত্রেই কোণঠাসা হয়ে পড়েন। ফ্যাসিবাদের বিদায় হলেও তার বিভিন্ন রূপ এখনও সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সারাদেশের জেলা ও মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
এডভোকেট জুবায়ের বলেন, “আমরা একটি মানবিক বাংলাদেশ চাই—যেখানে সাংবাদিকরা সত্যনির্ভর সাংবাদিকতা করার সুযোগ পাবেন, অন্যায়ভাবে কোনো প্রকার হয়রানির ঝুঁকি কিংবা ক্ষতির মুখে পড়ার চ্যালেঞ্জ থাকবে না।”
তিনি অভিযোগ করেন, কায়েমি ও ফ্যাসিবাদী শক্তি দেশের ব্যাংকিং খাত ও গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করেছে। এসব শক্তি সুযোগ পেলেই রাজনৈতিক ও সাংগঠনিকভাবে বিভিন্ন পক্ষের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “এই কায়েমি শক্তি সর্বদা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে। সুযোগ বুঝে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। এজন্য আমাদের সাবধানে পথ চলতে হবে।”
চব্বিশের ৫ আগস্টের পর বিভিন্ন গণমাধ্যমের নিয়ন্ত্রণ ও মালিকানা পরিবর্তনের প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, এসব পরিবর্তন সাময়িকভাবে সরকারকে সুবিধা দিলেও ভবিষ্যতে এর ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তিনি বলেন, কায়েমি শক্তি সুযোগ পেলে উল্টো ছোবল দেবে—এতে কোনো সন্দেহ নেই।
এডভোকেট জুবায়ের জামায়াতের দায়িত্বশীলদের প্রতি যেকোনো ঘটনা বা ইস্যুতে দ্রুত ও সঠিক তথ্য গণমাধ্যমকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সঠিক সময়ে সঠিক তথ্য সরবরাহ করা হলে বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ কমে আসে এবং সত্য তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা করা সম্ভব হয়।
কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনা
কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন সিনিয়র সাংবাদিক ওলিউল্লাহ নোমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানবকণ্ঠ পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম, তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
এ ছাড়া দারসুল কোরআন পেশ করেন মুফতি আলী হাসান উসামা।
কর্মশালায় উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শামছুল আরেফীনসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
দিনব্যাপী এ কর্মশালায় প্রচার ও মিডিয়া কার্যক্রমকে আরও গতিশীল করা, দ্রুত ও নির্ভুল তথ্য সরবরাহ এবং গণমাধ্যমের সঙ্গে দায়িত্বশীলদের কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


