কাজের মাধ্যমেই নেতৃত্বের প্রমাণ দিতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন
ঢাকা প্রতিনিধি
কাজের মাধ্যমেই নেতৃত্বের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে হবে বলে মন্তব্য করেছেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, শুধু কথার মাধ্যমে নয়, বাস্তব কাজের মধ্য দিয়েই মানুষের আস্থা অর্জন করতে হবে। কাজ ছাড়া বাংলাদেশের মানুষ আগামীতে কাউকে নেতা হিসেবে গ্রহণ করবে না।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার আনন্দ বাজার এলাকায় নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে কোমলমতি শিশুদের মধ্যে পরিবেশবান্ধব কলম ও খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘চলো বদলে দেই ঢাকা উত্তর’—এই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। বর্জ্যকে সমস্যা হিসেবে না দেখে সম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহার করে পরিবেশবান্ধব বিভিন্ন পণ্য তৈরি করা সম্ভব।
তিনি জানান, ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ২০টি স্মার্ট বিন স্থাপন করা হয়েছে। এসব বিনের মাধ্যমে সংগৃহীত বর্জ্য পুনর্ব্যবহার করে পরিবেশবান্ধব কলম তৈরি করা হয়েছে। ভবিষ্যতে বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে কাগজ, কলমসহ বিভিন্ন পণ্য উৎপাদনের শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, চাকরি কোনো সোনার হরিণ নয়। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ থাকলে মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। মানুষকে অন্যের কাছে হাত পেতে নয়, বরং কাজের মাধ্যমে সম্মানের সঙ্গে জীবনযাপনের সুযোগ করে দিতে হবে।
নগর পরিচালনায় যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, উপযুক্ত ও দায়িত্বশীল নেতৃত্বের অভাবেই মানুষ অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সততা, যোগ্যতা ও দায়িত্বশীলতার গুণাবলি রয়েছে—এমন নেতৃত্বের হাতেই নগর পরিচালনার দায়িত্ব জনগণ তুলে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনে জনগণ চুরি, দুর্নীতি ও নাগরিক সেবা থেকে বঞ্চিত রাখার রাজনীতিকে প্রত্যাখ্যান করবে। জনগণ সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্বকেই বেছে নেবে।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মেডিকেল ক্যাম্পসহ নানা ধরনের জনকল্যাণমূলক ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঢাকা শহরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


