১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি বৈঠক
ডেস্ক রিপোর্ট :
আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট জেলা ও মহানগরী শাখার দায়িত্বশীলদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ এবং ছাত্র ও শ্রমিক কল্যাণ বিভাগের দায়িত্বশীলরা অংশ নেন।
বৈঠকে নেতৃবৃন্দ জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ বিভিন্ন দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর রুটে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।
কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ নেতৃত্ব দেবেন বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে লংমার্চের বিভিন্ন কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ, মানিক মিয়া এভিনিউ থেকে রংপুর পর্যন্ত মানবপ্রাচীর, গাজীপুর বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা এবং রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ আয়োজনের বিষয়ে প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
এ ছাড়া লংমার্চ সফল করতে প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতাও কামনা করা হয়।
বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট জেলা ও মহানগরীর দায়িত্বশীলরা লংমার্চ বাস্তবায়ন নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আব্দুর রব, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট জেলা ও মহানগরীর আমীর এবং অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
ট


