স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশু সিয়ামের
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় সিয়াম হোসেন (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সিয়াম। বিদ্যালয়ের কাছাকাছি সড়কে পৌঁছালে একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশুটি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সিয়ামকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


