ডেস্ক রিপোর্ট :

জাতীয় সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন’কে কুরআন-সুন্নাহবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় অতিক্রম করে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি নির্বাচনের আগে কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার কথা বললেও ক্ষমতায় গিয়ে এমন আইন সংসদে পাস করেছে বলে তারা মনে করেন। তিনি এ ধরনের আইন পাসের প্রতিবাদ জানান এবং সরকারের প্রতি সংশ্লিষ্ট আইন প্রত্যাহারের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইন পাসের মাধ্যমে সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জামায়াত মনে করে। একই সঙ্গে মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইনও প্রত্যাহারের দাবি জানান তিনি।

সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি সংশ্লিষ্ট আইন বাতিলের দাবি জানান। তিনি ইসলামী উত্তরাধিকার আইনের আলোকে পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।