ডেস্ক রিপোর্ট :

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। তারা কলেজের বার্ষিক ভ্রমণের অংশ হিসেবে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন।

জানা যায়, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা সোমবার রাতে সেন্ট মার্টিন পরিবহনের চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন। পথে জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ওই বাসে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় তাদের মধ্যে ২০ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে গুরুতর আহত ৯ শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন এবং তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন।