ডেস্ক রিপোর্ট :

বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, কেউ যদি দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, দেশের আইনে তার সুস্পষ্ট বিধান রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেক রাজনৈতিক দল ও ব্যক্তিকে নিজেদের সীমার মধ্যে থাকার আহ্বান জানান তিনি।

বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করার অভিযোগ তুলে বিএনপি চেয়ারম্যান বলেন, এর পেছনে কারা রয়েছে, তা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।

তিনি বলেন, দেশের প্রতিটি সংকটকালীন সময়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সংকট মোকাবিলায় কাজ করেছে। দলটি বিভিন্ন সংকট থেকে দেশকে ধীরে ধীরে বের করে আনার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে বলে দাবি করেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা মানুষের কাছে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। শিল্পকারখানার মালিকসহ বহু সাধারণ মানুষ বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ভুগছেন। এ পরিস্থিতির জন্য দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভার শুরুতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের স্মরণ করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।