ডেস্ক রিপোর্ট :

সরকার জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১১ দলীয় জোটের লংমার্চ চলাকালে নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, সরকার জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এ কারণে জনগণ তাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, জনগণের দাবি আদায়ের জন্য তারা রাজপথে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, গণভোটে জনগণের যে রায় এসেছে, তা বাস্তবায়নের জন্যই এই কর্মসূচি।

জামায়াত আমির বলেন, জনগণের ঘরে বিদ্যুৎ ও আলো পৌঁছে দেওয়াসহ তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেও তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এই সম্মিলিত প্রচেষ্টা সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আয়োজিত অস্থায়ী মঞ্চের পথসভায় আরো বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ অন্য নেতারা।

১১ দলীয় জোটের লংমার্চকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। পথসভায় বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।