মালিক-শ্রমিক দ্বন্দ্বে রাজশাহী থেকে বন্ধ সব আন্তঃজেলা বাস
রাজশাহী প্রতিনিধি
পরিবহন মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে রাজশাহী থেকে নাটোর হয়ে চলাচলকারী সব আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে রাজশাহী বাস টার্মিনালে এসে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অচলাবস্থা শনিবার সকালেও কাটেনি। রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে নিয়মিত বাস চলাচল করে। হঠাৎ করে এসব বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দর্শনার উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে তুহিন পরিবহনের একটি বাসে তুলে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জানান, রাব্বি পরিবহনের বাসটি কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করেছিল। এ কারণে সেটি রাজশাহীতে ফেরত পাঠানো হয়। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়।
এরপর রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে নাটোরের তুহিন পরিবহনের তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটক রাব্বি পরিবহনের বাসটি ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেওয়া হয়।
তবে বিরোধের জেরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ রাজশাহী থেকে সব আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। ফলে নাটোর হয়ে চলাচলকারী বিভিন্ন রুটের পাশাপাশি দূরপাল্লার বাস চলাচলও বন্ধ হয়ে যায়।
বাস বন্ধ থাকায় টার্মিনালে এসে অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এতে যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।
রংপুরগামী এক যাত্রী শফিকুল বলেন, ‘রংপুর যাবো। কাউন্টারে এসে বসে আছি। কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে বলে জানানো হলেও এক ঘণ্টা পার হয়ে গেছে, এখনো বাস ছাড়েনি।’
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, শনিবার সকাল থেকে রাজশাহী থেকে নাটোর হয়ে চলাচলকারী আন্তঃজেলা ও দূরপাল্লার সব বাস বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। এখনো সমস্যার সমাধান হয়নি, তবে আলোচনা অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বিরোধ নিরসনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত বাস চলাচল স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন। তবে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক হয়নি।


