গণ দিগন্ত ডেস্ক :

গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ যাত্রা শুরু করে।

উদ্বোধনী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের লংমার্চ ১৮ কোটি মানুষের পক্ষে। আমাদের দাবি স্পষ্ট।’ তিনি বলেন, দেশের মানুষ গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে। সংকটের মধ্যেও জনগণকে নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তারা মাঠে নেমেছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি ঘোষণা দেন।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এ লংমার্চ আপামর জনতার। সরকার এতে বাধা দিলে সব বাধা উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ১১ দলের ছয় দফা দাবি এক দফায় রূপ নেওয়ার কথাও বলেন নাহিদ ইসলাম।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতায় থেকে জাতিকে ভুলপথে পরিচালনার চেষ্টা করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে। বরং দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি সরকারের প্রতি সংসদে ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

১১ দলের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

লংমার্চের নির্ধারিত রুটে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা হওয়ার কথা রয়েছে। পরে চট্টগ্রামের লালদিঘী ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।