বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন বিরোধীদলীয় নেতা
ডেস্ক রিপোর্ট :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দেশের জন্য সুনাম বয়ে আনা বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে হাফেজদের কোরআন হিফজ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য অভিনন্দন জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, কোরআনের হাফেজরা দেশের জন্য গর্ব ও সম্মানের বিষয়। তাদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি কওমি শিক্ষার মানোন্নয়নে আরও কার্যকর ও আন্তরিক উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হাফেজদের সাফল্যের প্রশংসা করা হয়। তাদের কোরআন শিক্ষার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের পর রাজনৈতিক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের কল্যাণ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জনস্বার্থ রক্ষায় সরকারের ব্যর্থতার কারণে রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


