গণ দিগন্ত ডেস্ক :

নাটোর সদর উপজেলায় নিজ চেম্বারে ঢুকে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁদপুর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চিকিৎসকের নাম আনোয়ারুল ইসলাম। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় অজ্ঞাত অস্ত্রধারীরা নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর বাজারের পাশে আনোয়ারুল ইসলামের চেম্বারে প্রবেশ করে। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মঈনুল হক জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে আনোয়ারুল ইসলামের মৃত্যু হয়েছে।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় কাজ করছে। কারা এবং কী কারণে চিকিৎসককে হত্যা করেছে, তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।