গণ দিগন্ত ডেস্ক :

খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে আনা ব্যক্তিদের যেভাবে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয়, পবিত্র কোরআনের হাফেজদেরও একইভাবে সম্মাননা দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।

জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি তুলে ধরেন। এ সময় তিনি বিশ্বজুড়ে কোরআন হিফজ ও তেলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজদের সাফল্যের বিষয়টি সংসদের নজরে আনেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশের সন্তানরা খেলাধুলা, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে বিশ্বপর্যায়ে অর্জন করলে তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয়। একইভাবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যারা দেশের প্রতিনিধিত্ব করে বিজয় অর্জন করছেন, সেই হাফেজে কোরআনদেরও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া উচিত।

তিনি বলেন, কোরআনের হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য সম্মান ও মর্যাদা বয়ে আনছেন। তাদের এই অর্জনকে যথাযথভাবে মূল্যায়ন করা রাষ্ট্রের দায়িত্ব।

পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে ড. মাসুদ হাফেজে কোরআনদের উৎসাহিত করতে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননার ব্যবস্থা করার দাবি জানান। একই সঙ্গে কোরআন শিক্ষার প্রসার এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হাফেজদের সাফল্যকে আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তার এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সফল বাংলাদেশি হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।