গণভোটের সিদ্ধান্ত কার্যকর না হলে রাজনৈতিক অস্থিরতার শঙ্কা
গণ দিগন্ত ডেস্ক :
গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা না হলে দেশে নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে দেশের বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার জানান, বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি, জনদুর্ভোগ এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।
তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে সিদ্ধান্ত দিয়েছে, তা বাস্তবায়ন না হলে রাজনৈতিক অঙ্গনে সংকট সৃষ্টি হতে পারে। এ ক্ষেত্রে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতে ইসলামীর ভূমিকা কী হবে, সেটিও বৈঠকে তুলে ধরা হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের রায় নিয়ে যারা ভিন্নমত পোষণ করছেন, তাদের অবস্থান স্পষ্ট করার প্রয়োজনীয়তার কথা বলেন। জনগণের রায় মেনে নেওয়া হবে কি না—এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরিষ্কার অবস্থান থাকা উচিত বলেও তারা মত দেন।
মতবিনিময়ে দেশের জনজীবনের বিভিন্ন সংকটও উঠে আসে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, সন্ত্রাস এবং দলীয়করণসহ নানা বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে জাতীয় জনমত ও ঐকমত্য তৈরিতে ইলেকট্রনিক গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়।
ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম হিসেবে নয়, জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি জামায়াতে ইসলামীর বিষয়ে কোনো ভালো পরামর্শ বা ত্রুটি থাকলে তা খোলামেলাভাবে জানানোর জন্য গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
বৈঠকে ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীদের বিভিন্ন সমস্যাও তুলে ধরেন সংশ্লিষ্টরা। তাদের মধ্যে বেতন কাঠামো, ওয়েজ বোর্ড, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং নিরাপত্তার বিষয় বিশেষভাবে আলোচিত হয়। এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বিরোধীদলীয় নেতা।
মিয়া গোলাম পরওয়ার জানান, গণমাধ্যমের প্রতিনিধিরা বর্তমান সংসদে বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেছেন। তাদের মতে, অতীতের বিভিন্ন বিরোধীদলের তুলনায় জামায়াতের বর্তমান ভূমিকা গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।
জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দেশের ও জনগণের স্বার্থে সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা করা হবে। একই সঙ্গে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে অবস্থান নেওয়া হবে। তবে এসব কার্যক্রম অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।


