পোশাকশিল্পের সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান
গণ দিগন্ত প্রতিবেদক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠকে মিলিত হয়। বৈঠকে দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি ও শিল্প খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিকেএমইএ নেতারা শিল্প খাতে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে শিল্পের উৎপাদন ও বিনিয়োগ কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ডা. শফিকুর রহমান। তিনি দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম ছাড়াও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ শামীম এবং পরিচালক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ছাড়া আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়া বৈঠকে উপস্থিত ছিলেন।
দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়।


