জামায়াতে নতুন মুখের স্রোত, যোগ দিলেন ৬৫০ বিশিষ্ট ব্যক্তি
ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক বিচারপতি, আইনজীবী, ব্যবসায়ী, সাবেক সামরিক ও পুলিশ কর্মকর্তা, ক্রীড়াবিদ এবং কওমি আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫০ জন ব্যক্তি সংগঠনটিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।
অনুষ্ঠানে যোগদানকারীদের মধ্যে সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান, সাবেক সেনাকর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক এবং জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের নেতা, ব্যবসায়ী, সমাজসেবক এবং কওমি আলেমরাও অনুষ্ঠানে জামায়াতে যোগ দেন। তাদের মধ্যে বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তির নাম উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বক্তারা সংগঠনের লক্ষ্য ও আদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
দাওয়াতি এ সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


