আল-আমিন একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে একাডেমির ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোবারক হোসাইন বলেন, আল-আমিন একাডেমি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। প্রতিষ্ঠান থেকে যে আয় হবে, তা শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে।
তিনি শিক্ষকদের যথাযথ প্রস্তুতি নিয়ে শ্রেণিকক্ষে পাঠদানের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
মোবারক হোসাইন বলেন, শুধু পরীক্ষার ফলাফল দিয়ে একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশ নিশ্চিত হয় না। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। এ লক্ষ্যেই প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক মো. বিল্লাল হোসেন মিয়াজী এবং অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ডা. আসিফ ইকবাল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ মহিউদ্দীন সরকার এবং কানাডিয়ান ইউনিভার্সিটির প্রভাষক রুবাইয়া ইসলাম রুহি।
সিনিয়র শিক্ষক প্রভাষক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট শাহজাহান খান, উপাধ্যক্ষ মো. রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম ও সহকারী শিক্ষক মোশাররফ হোসেন বক্তব্য দেন।
বক্তারা শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, সুস্থ দেহ ও সুস্থ মন গঠনের পাশাপাশি পড়াশোনার বাইরে বিভিন্ন মেধা ও সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। শুধু ভালো ফলাফলের প্রত্যাশা না করে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার দিকে গুরুত্ব দিতে হবে।


