আতিকুর রহমান বিশেষ প্রতিনিধি : যশোরে পারিবারিক কলহের জেরে আনোয়ারা বেগম (৫৮) নামে এক নারীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ছেলে মো. মামুনুর রশিদ ওরফে মামুনের (৪৫) বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বাজে দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম বাজে দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী আলতাফ হোসেন মাস্টার অবসরপ্রাপ্ত শিক্ষক। অভিযুক্ত মামুনুর রশিদ পেশায় শিক্ষক এবং লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে মামুনুর রশিদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি ধারালো বটি দিয়ে মাকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মামুন দীর্ঘদিন ধরে বাড়িতে থাকতেন না। প্রায় পাঁচ বছর পর তিনি বাড়িতে এসে এ ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত মামুনুর রশিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।