গণ দিগন্ত ডেস্ক:
অক্টোবরের পরিবর্তে আগামী নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের নীতিগত পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার (২৫ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

ইসি কমিশনার বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চকে নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে নভেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। তবে ভোটের চূড়ান্ত সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে পৌরসভা নির্বাচনও হতে পারে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগের পরিকল্পনা অনুযায়ী অক্টোবর থেকে নির্বাচন শুরুর কথা থাকলেও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন এক মাস পিছিয়ে নভেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে আয়োজন করা হবে। ভোটের অন্তত ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করার পরিকল্পনাও রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় আইন, বিধিমালা ও অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে ভোটের নির্দিষ্ট তারিখ ও তফসিল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরই চূড়ান্ত হবে।