সরকারের প্রতি জামায়াতের বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক: ডা. শফিকুর রহমান
গণ দিগন্ত ডেস্ক:
বাংলাদেশে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়মতান্ত্রিক ও গঠনমূলক হবে বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকারের ভালো কাজে সহযোগিতা করা হবে এবং অন্যায় ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি, সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দলের ভূমিকা, জাতীয় সমস্যা এবং জনদুর্ভোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া সংকটের সমাধানেও জামায়াতের অবস্থান তুলে ধরা হয়। মিয়া গোলাম পরওয়ার বলেন, অতীতে বিরোধীদলগুলোর প্রচলিত যেসব নেতিবাচক রাজনৈতিক অনুশীলন ছিল, তা থেকে বেরিয়ে এসে দেশের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই জামায়াত গঠনমূলক বিরোধীদলের ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের ভালো কাজে সহযোগিতার পাশাপাশি অন্যায় ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিরোধ করা হবে। তিনি জানান, দেশের বিরাজমান পরিস্থিতির পাশাপাশি ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় হয়েছে। বৈঠকে সম্পাদকরা রাজপথে বিরোধীদলের কর্মসূচি থাকলেও দেশের সামগ্রিক স্থিতিশীলতা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে মতামত দেন। গোলাম পরওয়ার অভিযোগ করেন, জাতীয় সংসদে বিরোধীদলের এমপিদের উন্নয়নমূলক কাজ, বরাদ্দ, বক্তব্য দেওয়া, আইন প্রণয়ন এবং বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হচ্ছে। বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং প্রবাসীদের অধিকার রক্ষায় জামায়াত সংসদে ও সংসদের বাইরে ভূমিকা রাখছে বলেও তিনি জানান। ডা. শফিকুর রহমান সম্পাদকদের গণতন্ত্রের উত্তরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, সংসদকে কার্যকর ও গঠনমূলক রাখতে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। শুধু বিরোধীদলের পক্ষে এককভাবে সংসদকে কার্যকর রাখা সম্ভব নয়। মতবিনিময় সভায় দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের পাশাপাশি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


