চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর শহরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় শহরের স্টেডিয়ামস্থ ড্যাফোডিল স্কুল মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. নুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান চাঁদপুরের কৃতিসন্তান ড. মো. সবুর খান প্রতিষ্ঠানটিকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। শিক্ষার্থীদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; জ্ঞান ও দক্ষতার বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সমৃদ্ধ করতে হবে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো মানুষ হয়ে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

ড্যাফোডিল স্কুলের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডাইরেক্টর জাফর ইকবাল খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এস আই এম জাহানইয়ার বিএন (অব.) এবং ড্যাফোডিল পলিটেকনিক স্কুলের অধ্যক্ষ সেলিম মিয়া।

এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বাবুরহাট ক্যাম্পাসের উপাধ্যক্ষ হারাধন চক্রবর্তী, ড্যাফোডিল গ্রুপের কর্পোরেট অফিসার মাহবুবুল হোসাইনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ড্যাফোডিল স্কুলের উপাধ্যক্ষ রেজাউল করিম সোহেল শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. নুর খান শিক্ষার্থীদের ফলাফলে সন্তোষ প্রকাশ করে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মুশফিকা আলম ইরা ও তাজবীর বিন হান্নান। পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী নাঈমুল ইসলাম এবং গীতা পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী শশ্রী শীল।

আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অর্জন উদযাপনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার গঠনে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।