মৈনম ইউনিয়নের সব মানুষের চেয়ারম্যান হতে চান আতাউর রহমান
বিশেষ প্রতিনিধি:
নওগাঁর মৈনম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাহাঙ্গিরপুর আলিম মাদ্রাসার শিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আতাউর রহমান। তিনি জানিয়েছেন, কোনো বংশ, গোষ্ঠী বা নির্দিষ্ট দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং ইউনিয়নের সর্বস্তরের মানুষের চেয়ারম্যান হয়ে সেবা করতে চান।
আতাউর রহমান বলেন, তিনি মৈনম ইউনিয়নের কোনো নির্দিষ্ট বাজার বা মোড়ের চেয়ারম্যান হতে চান না; ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামের মানুষের পাশে দাঁড়াতে চান। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, একজন জনপ্রতিনিধির কাছে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হওয়া উচিত।
নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, দালালবাজি, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে তিনি অবস্থান করেন। অসৎ ও অন্যায়কারীদের প্রশ্রয় না দিয়ে স্বচ্ছতা, ন্যায়বিচার ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে ইউনিয়ন পরিচালনা করতে চান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা আতাউর রহমান বর্তমানে নওগাঁর মহাদেবপুর উপজেলার জাহাঙ্গিরপুর আলিম মাদ্রাসায় শিক্ষকতা করছেন। তিনি নিজেকে একজন সাধারণ নাগরিক হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া নিয়েই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সাহস করছেন।
তিনি মৈনম ইউনিয়নের সচেতন নাগরিকদের উদ্দেশে বলেন, দল-মত, বংশ ও গোষ্ঠীর বিভাজনের বাইরে এসে একটি সুন্দর, শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা চান। পাশাপাশি তার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।


