রংপুর প্রতিনিধি:
প্রত্যেক মা শিক্ষিত হলে একটি পরিবার থেকে শুরু করে পুরো জাতি শিক্ষিত ও সমৃদ্ধশালী হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। শনিবার (২২ আগস্ট) বদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বদরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথাও তুলে ধরেন। শিক্ষার্থীদের উদ্দেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, জিপিএ-৫ অর্জনই সাফল্যের শেষ নয়; এটি ভবিষ্যতের বড় অর্জনের সূচনা। ধারাবাহিকভাবে মেধার বিকাশ ঘটিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখতে হবে। তিনি অভিভাবকদের বিশেষ করে মায়েদের মেয়েদের শিক্ষার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। তার মতে, শিক্ষিত মায়ের মাধ্যমে সন্তানরা সঠিক শিক্ষা ও মূল্যবোধ লাভ করে। ফলে নারীর শিক্ষার প্রসার একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের মা-বাবা ও শিক্ষকদের সঙ্গে উত্তম আচরণ, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চা এবং লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে প্রযুক্তির অপব্যবহার থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল ও শিক্ষকদের দায়িত্বশীলতার বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষকদের শুধু দায়িত্ব পালন করলেই হবে না, শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো মনে করে আন্তরিকতার সঙ্গে পাঠদান করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ আরও কার্যকর ও জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে উপহার ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বদরগঞ্জ উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে এটিএম আজহারুল ইসলাম বদরগঞ্জ স্টেশন রোডে একটি ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে পরিচালিত সাপ্তাহিক ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশনা দেন।