কৃতী শিক্ষার্থীদের ছাতা বিতরণ করলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক
মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল মালেক। রোববার (২৩ আগস্ট) ১০ নম্বর নুরুল্লাবাদ চকইসলামপুর দাখিল মাদরাসায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির রোল নম্বর ১ ও ২-এ থাকা শিক্ষার্থীদের মধ্যে তিনি এসব ছাতা বিতরণ করেন। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। ছাতা বিতরণের সময় মো. আব্দুল মালেক শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সঠিক ব্যবহার ও ভালো ফলাফলের জন্য মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. আব্দুল মান্নান, সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সালাম, মুহিদুল ইসলাম, আফজাল হোসেন, জাহাঙ্গীর আলম, যুব জামায়াতের সভাপতি মাওলানা মো. শামসুল ইসলামসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শিক্ষকরা কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়ায় মো. আব্দুল মালেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা ও মানবিক কার্যক্রমে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।


