নাটোর প্রতিনিধি:
বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে এবং বিএনপির কর্মকাণ্ড ও আচরণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় নাটোর শহরের জেলা পরিষদ হল মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জেলা ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, জনগণের গণরায় নিয়ে কোনো ধরনের তালবাহানা না করে তা মেনে নেওয়া উচিত। অন্যথায় জনগণ আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান সরকারেরও পরিণতি ঘটাতে পারে। তিনি আরও বলেন, প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হলে নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ করার সুযোগ থাকবে না। জামায়াতে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে প্রথমে পরিবারকে ইসলামের আদর্শে গড়ে তুলতে হবে এবং পরে শহর-বন্দর, গ্রাম-গঞ্জ ও পাড়া-মহল্লায় গণভিত্তি তৈরি করতে হবে। তিনি অভিযোগ করেন, অতীতের আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে প্রহসনের বিচারের মাধ্যমে শাস্তি দিয়েছিল। নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও জামায়াতের কার্যক্রম থেমে থাকেনি এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি নির্বাচনে কিছুটা স্বচ্ছতা দেখা গেলেও জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ইউনিটকে শক্তিশালী করে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। সম্মেলনে জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, অধ্যক্ষ নজরুল ইসলাম ও প্রফেসর ড. আবুল হাশেম। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।